পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে আপামর বাঙালী। আর এই বাংলা শুভ নববর্ষের দিনে দুই বাংলার মানুষদের মিলন করানোর জন্য মিলন মেলার আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। দুই দেশের ভাষা বাংলা। শুধু মাত্র মাঝখানে কাটাতার। কিন্তু হৃদয়ের বন্ধন ছিন্ন হয়নি এখনো। এপার বাংলা-ওপার বাংলার মানুষের মধ্যে যে অটুট বন্ধন তা আর একবার প্রমাণ হল রবিবার। প্রতি বছর ১ লা বৈশাখ প্রশাসনের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই মেলাকে কেন্দ্র করে দেখা যায় হাজার হাজার মানুষ কাঁটা তারের দু’পাশে জড়ো হয়েছেন। অনেক বছর পর আপন জনকে দেখতে পেয়ে অনেকেই চোখের জলে ভাসালেন। অনেকে আবার এসেছেন ভালো বাসার টানে। কাঁটা তারের বেড়ার ওপারে থাকা প্রিয় জনদের সঙ্গে মিষ্টি মুখ সহ বিভিন্ন জিনিস উপহার হিসেবে আদান প্রদান করতে দেখা যায়। সব মিলিয়ে এদিনের এই মিলন মেলা ঘিরে এলাকাবাসীর উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
এবিষয়ে ভারতে বসবাসকারী বেশ কয়েকজন ভারতীয় জানান, তারা এদিন তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছেন। বছরে এই মিলন মেলা একবারই হয় তাই এদিন তারা সমস্ত কিছু ফেলে ছুটে আসেন এই সীমান্তবর্তী অঞ্চলে। দেখা করেন বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের সঙ্গে। তাদের এই মিলনের জন্য দুই সরকারকেই ধন্যবাদ জানান।